অসুস্থ মায়ের চিকিৎসায় নওশাবার উদ্যোগে দুই দিনের বিশেষ সাংস্কৃতিক উৎসব

প্রকাশ:

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ তার পরিচালিত প্ল্যাটফর্ম 'টুগেদার উই ক্যান'-এর মাধ্যমে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত যুক্ত থাকেন। বিশেষ সুবিধাসম্পন্ন শিশুদের নিয়ে কাজের পাশাপাশি এবার তিনি একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন। ক্যামেলিয়া শারমিন চূড়ার মা শাহিন সুলতানা বর্তমানে চতুর্থ স্তরের রেকটাল ক্যানসারে আক্রান্ত। তার জরুরি চিকিৎসার ব্যয় নির্বাহের লক্ষ্যে ২১ ও ২২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দুই দিনব্যাপী ‘মায়ের জন্য টুগেদার উই ক্যান’ শীর্ষক উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবের সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মিলনায়তনের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে। অনুষ্ঠানের শুরু হবে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ‘ধরণীর গান’ পর্ব দিয়ে, যেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা সংগীত পরিবেশন করবেন। এরপর রাত ৮টায় মঞ্চস্থ হবে কবি জসীম উদদীনের বিখ্যাত কাব্যোপন্যাস অবলম্বনে নাটক ‘সোজন বাদিয়ার ঘাট’। নাটকটি পরিবেশন করবেন ক্যামেলিয়া শারমিন চূড়া ও তার দল। এর আগে গাজীপুর সিটি কর্পোরেশনে এই নাটকটি মঞ্চস্থ করে তারা বেশ সাড়া পেয়েছিলেন, সেই ধারাবাহিকতায় এবার রাজধানীতে এই আয়োজন করা হচ্ছে।

এই উৎসবের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ও ৫০০ টাকা। তবে শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে ৩০০ টাকায় টিকিট সংগ্রহের সুযোগ রাখা হয়েছে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এক ভিডিও বার্তায় বলেন, “সকলেই জানেন, ক্যানসার অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা; সেটা একা করা সম্ভব নয়। ‘টুগেদার উই ক্যান’-এর ফিলোসফি হলো, আমরা সহমর্মিতা ও বন্ধুত্বে বিশ্বাসী। আমরা একতায় বিশ্বাসী। তাই প্রথমবার টিকিট বিক্রি করে এরকম একটি আয়োজন করছি। তাই সকলের সহযোগিতা প্রত্যাশা করছি; আপনারা পরিবার ও বন্ধুদের নিয়ে আসুন।” মূলত টিকিট বিক্রির সমুদয় অর্থ ক্যামেলিয়া শারমিন চূড়ার মায়ের চিকিৎসায় ব্যয় করা হবে।

শেয়ার করুন