পোশাককর্মী মিতুল হত্যায় আদালতে দোষ স্বীকার প্রধান আসামির

প্রকাশ:

রাজধানীর সূত্রাপুরে ইস্ট বেঙ্গল মার্কেটের সামনে মাদক সেবনে বাধা দেওয়ার জেরে পোশাককর্মী মিতুল ইসলামকে (১৮) কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি রাহিম আহম্মেদ রাফি (১৯) আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তিন দিনের রিমান্ড শেষে বুধবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে হাজির করা হয়। বিচারক তার জবানবন্দি রেকর্ড করার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সূত্রাপুর থানার ফরিদাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শুভ বাড়ৈ আসামিকে আদালতে হাজির করে এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেছিলেন।

মামলার বিবরণে জানা যায়, গত ১৫ আগস্ট রাত ৮টার দিকে ইস্ট বেঙ্গল মার্কেটের ভেতরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে মিতুল ইসলামকে মার্কেটের ১৪ তলায় ডিএম গার্মেন্টসের সামনে ডেকে নিয়ে যায় আসামিরা। সেখানে কাপড় কাটার কাঁচি ও কাটার দিয়ে মিতুলের বুক, পিঠ ও দুই পায়ের উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রিকশাযোগে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন মিতুলের বাবা রাসেল সরদার বাদী হয়ে রাফিসহ ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত রাফিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে। রাফির তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল গত ১৬ আগস্ট। মামলার অপর নয়জন আসামি হলেন মো. সাগর আহাম্মেদ (২৬), মো. রাসেল মিয়া (২৯), মো. আরিফ (১৯), মো. আশরাফুল (২৩), ফারদিন (২১), মো. জুনায়িদ মিয়া (২৬), মো. মোস্তাকিম (২০), মো. রোকন মিয়া (৩১) ও মো. নাজমুল (২৭)। এদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন