মাদক নিরাময় কেন্দ্রের অনিয়ম তদন্তে অধিদপ্তরের কমিটি গঠন

প্রকাশ:

দৈনিক যুগান্তরে মাদকাসক্তি নিরাময়কেন্দ্র নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের পর নড়েচড়ে বসেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে তদন্তের জন্য অধিদপ্তর একটি বিশেষ কমিটি গঠন করেছে। অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পাঁচ সদস্যের এই তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করবেন চিকিৎসা ও পুনর্বাসন শাখার সহকারী পরিচালক। এছাড়া কমিটির অন্য তিন সদস্য হলেন- পরিচালক (নিরোধ শিক্ষা), ঢাকা কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের চিফ কনসালটেন্ট এবং ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক।

তদন্ত কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। কমিটিকে মূলত সংশ্লিষ্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করতে বলা হয়েছে। একই সঙ্গে, কেন্দ্রগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুমোদিত বিধিমালা মেনে পরিচালিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ প্রদানের দায়িত্বও দেওয়া হয়েছে এই কমিটিকে।

শেয়ার করুন