কুষ্টিয়ার ভেড়ামারায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে একরাম মোল্লা (৭৬) নামের এক বৃদ্ধকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম শফিকুল ইসলাম দণ্ডপ্রাপ্ত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরাম মোল্লা ভেড়ামারা উপজেলার গোসাইপাড়া গ্রামের মৃত মজিদ মোল্লার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ অক্টোবর সকাল ৭টার দিকে আসামি একরাম মোল্লা তার বাড়িতে আশ্রয় নেওয়া ১৫ বছর বয়সী ওই মানসিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগী কিশোরী বিষয়টি তার মাকে খুলে বললে, পরে কিশোরীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় বৃদ্ধ একরাম মোল্লার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।
মামলাটির বিষয়ে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, এই মামলায় মোট ৭ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেছেন। দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় প্রদান করেন।





