ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার ভোররাতে ঘটা এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ভারতীয় ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার ভোর ২টার দিকে নিউ মার্কেটের কাছে অবস্থিত ওই হোটেলটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় হোটেলের ভেতরে বেশ কয়েকজন অতিথি আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে, পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরাও এতে যোগ দেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নিহতরা চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় গিয়ে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে, তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা পিটিআইকে জানান, ভবনের ভেতরে ঘন ধোঁয়া সৃষ্টি হওয়ায় দমকলকর্মীদের সিঁড়ি বেয়ে ওপরের তলায় পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ভবনে শীতলীকরণ প্রক্রিয়া চলছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।
এর আগে, গত ১৭ আগস্ট ভোর সাড়ে ৪টার দিকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে অবস্থিত ‘বিদেশিনী’ নামক একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটজন নিহত হন। পরপর দুই দিনের ব্যবধানে হোটেলে এমন প্রাণহানির ঘটনায় হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।





