নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক (ডিসি) এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাদের নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত ১টি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রত্যাহার করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিন। এছাড়া রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদসহ মোট ৩ জন জেলা প্রশাসক ও ১ জন বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, এই চার কর্মকর্তাকেই পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কী কারণে বা কেন তাদের এই প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো তথ্য জানানো হয়নি।





