তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন বিএনপির নতুন চার স্থায়ী সদস্য

প্রকাশ:

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত চার সদস্য রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে এই চার নেতা শেরে বাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

গত ১৫ আগস্ট তারেক রহমানের পক্ষ থেকে এই চার নেতাকে স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তারা তাদের মেধা ও বিচক্ষণতার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেছে বিএনপি।

২০১৬ সালের ১৯ মার্চ সর্বশেষ জাতীয় কাউন্সিলের পর স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন সময়ে সদস্যদের মৃত্যু ও পদত্যাগজনিত কারণে শূন্য হওয়া পদগুলোতে নতুনদের যুক্ত করা হয়েছে। এবার একসঙ্গে চারজনকে অন্তর্ভুক্ত করায় ১৯ সদস্যের এই কমিটিতে বর্তমান সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। স্থায়ী কমিটির বর্তমান সদস্যরা হলেন তারেক রহমান, খন্দকার মোশাররফ হোসেন, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

শেয়ার করুন