ইমরান খানকে হাসপাতালে পাঠানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

প্রকাশ:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (১৮ আগস্ট) ইমরান খানের দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরেই ইমরানের পরিবার ও দল তার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছিল এবং তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার দাবি জানিয়ে আসছিল।

বিচারপতি শহিদ ওয়াহিদ জানিয়েছেন, ৭৩ বছর বয়সী ইমরান খানকে আগামী দুই দিনের মধ্যে রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করতে হবে। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০২৩ সাল থেকেই তিনি কারাগারে বন্দি রয়েছেন।

ইসলামাবাদ থেকে এএফপির দেওয়া তথ্য অনুযায়ী, গত বছরের শেষ দিকে ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এর আগে চলতি বছরের শুরুর দিকে চোখের চিকিৎসার জন্য তাকে একবার হাসপাতালে নেওয়া হয়েছিল। সে সময় তার আইনজীবী ও পরিবারের সদস্যরা জানিয়েছিলেন, তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তির বড় একটি অংশ হারিয়েছেন।

পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার সরকারের সঙ্গে সামরিক নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে আসে। এরপর তার বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। ইমরান খান ও তার দল বরাবরই এই মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। ২০২৩ সালের মে মাসে তাকে গ্রেপ্তারের পর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে অনেক ঘটনা ছিল সহিংস এবং সেই সময় কয়েক শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল।

শেয়ার করুন