ইমন গাজী হত্যায় সাবেক অতিরিক্ত আইজিপি বাহার ও দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ:

রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই-আগস্টের অভ্যুত্থান চলাকালে ইমন গাজী হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ইকবাল বাহারসহ তিনজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ প্রদান করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমাদুল করিম এই আবেদনগুলো করেছিলেন।

আদালতে পেশ করা আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, তদন্তের প্রাথমিক পর্যায়ে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণে সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহারের সম্পৃক্ততা পাওয়া গেছে। বর্তমানে তিনি যাত্রাবাড়ী থানার অপর একটি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে এই মামলায় শোন অ্যারেস্ট দেখানো প্রয়োজন।

একই মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ মুন্না এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনুকেও গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, আসামিদের সরাসরি নির্দেশ ও মদদে মো. ইয়াছিন উদ্দিন ওরফে শুটার লিটন ইমন গাজীকে লক্ষ্য করে গুলি চালান, যার ফলে ওই যুবক নিহত হন। উল্লেখ্য, হারুনুর রশীদ মুন্না ও কাজী মনিরুল ইসলাম মনু পৃথক ২ টি হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর চিটাগাং রোডে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ইমন গাজী নিহত হন। এই ঘটনায় তার ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে ২৮ আগস্ট যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন