রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী আজ মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্ধারিত এই সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। সময় শেষ হওয়ার পরপরই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বর্তমানে রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করা হয়েছে। তার মনোনয়নপত্রের প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তার মনোনয়নপত্রের প্রস্তাবক ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা ডা. শফিকুর রহমান এবং সমর্থক নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা আবদুল্লাহ আল আমিন। গত রোববার যাচাই-বাছাই শেষে ইসি এই দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিল।
আজ প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে শেষ পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একাধিক প্রার্থী বহাল থাকলে আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ভোটগ্রহণের নিয়ম অনুযায়ী, সংসদ সদস্যদের কাছে ব্যালট পৌঁছে দেওয়া হবে এবং তারা সেখানে স্বাক্ষর করে নির্ধারিত তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ভোট দেবেন। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গণনা শুরু হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোট ৩৪৯টি ব্যালটের মধ্যে বৈধ ভোটের সংখ্যা এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন তা ঘোষণা করবেন। এরপর নির্বাচন কমিশন সচিবালয় থেকে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২৪ জুলাই স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপরই নির্বাচন কমিশন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে এবং ২০ আগস্ট ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে।





