গ্যাসের চাহিদা মেটাতে দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

প্রকাশ:

দেশের গ্যাসের জরুরি চাহিদা মেটাতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৮তম সভায় এই প্রস্তাবটি অনুমোদন করা হয়।

সভা সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে মোট পাঁচ কার্গো এলএনজি কেনার প্রস্তাব দিয়েছিল। এর মধ্যে বর্তমানে দুই কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রথম কার্গোটি ২৩ থেকে ২৪ আগস্টের মধ্যে আমদানি করা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ২১ দশমিক ৮৭ মার্কিন ডলার মূল্যে এই কার্গোর মোট দাম নির্ধারণ করা হয়েছে ৪২৪ কোটি ৬০ লাখ ৬০ হাজার ৮০০ টাকা।

দ্বিতীয় কার্গোটি আগামী ৪ থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে সরবরাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এই কার্গোর দাম প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৭৯৬ মার্কিন ডলার হিসেবে মোট ৪২৩ কোটি ২৬ লাখ ৬৬ হাজার ৬৯ টাকা ধরা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট গ্যাসের চাহিদা মেটাতে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও আট কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নেয় সরকার।

শেয়ার করুন