অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিল সরকার

প্রকাশ:

বাংলাদেশের অর্থবছরের সময়কাল পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর গণনা করা হলেও, ভবিষ্যতে তা ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করা হবে। এই পরিবর্তনের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০২৭-২৮ অর্থবছরকে একটি অন্তর্বর্তী বা ট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করা হবে। এই বিশেষ বছরে অর্থবছরটি মাত্র নয় মাসের হবে, যা ২০২৭ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০২৮ সালের মার্চ মাসে শেষ হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন সময়সূচি অনুযায়ী এপ্রিল-মার্চ চক্র কার্যকর হবে।

সোমবার রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের যৌক্তিকতা তুলে ধরে বলা হয়, বিদ্যমান ১ জুলাই থেকে ৩০ জুন সময়সীমার কারণে বর্ষাকালে অর্থাৎ জুলাই-আগস্ট মাসে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে নানা জটিলতা সৃষ্টি হয়। বৃষ্টির কারণে একদিকে যেমন কাজের সময় দীর্ঘায়িত হয়, তেমনি কাজের গুণগত মানও ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া এতে ব্যাপক জনদুর্ভোগ তৈরি হয়। এপ্রিল থেকে মার্চ পর্যন্ত অর্থবছর নির্ধারণ করা হলে বর্ষা মৌসুমের আগেই অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হবে বলে সরকার মনে করছে।

এই রূপান্তর প্রক্রিয়া বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, লেজিসলেটিভ বিভাগ এবং অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে, যারা পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। এই পরিবর্তনের জন্য বাংলাদেশের সংবিধান এবং জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এ প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। একইসঙ্গে সরকারের আর্থিক ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমেও পরিবর্তন আনার প্রয়োজন হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন