বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্তি উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এই সভায় তিনি সরকারের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন।
মাহদী আমিন জানান, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সরকার এখন ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করছে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা হবে এবং এখন দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও হস্তক্ষেপের কোনো সুযোগ নেই।
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, গত ১৬ বছরের ফ্যাসিবাদ-পরবর্তী ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে। এই সময়ে সরকার জনগণের বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিনিয়োগবান্ধব নীতিমালা গ্রহণ করা হয়েছে এবং রাজনৈতিক হয়রানিমুক্ত একটি পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
জনগণের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের কালি শুকানোর আগেই নির্বাচনি ইশতেহারের কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার নিরলস কাজ করছে। উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে ২০০টি ইলেকট্রনিক বাস আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া অর্থনীতিতে সংস্কার এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল প্রণয়নের কাজও অনেকটা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।





