সৌদি আরবে প্রবেশের সুবিধাযুক্ত মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার মেয়াদ ৩৬৫ দিন হলেও, এখন থেকে ভিসা থাকলেই সরাসরি দেশটিতে প্রবেশ করা যাবে না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, মুসল্লিদের ওমরাহ পালনের সময়সূচি আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে কিছু নতুন শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) গালফ নিউজের প্রতিবেদনে মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসাধারীদের প্রতিবার সৌদি আরবে যাওয়ার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে সার্ভিস প্যাকেজ কিনতে হবে। এছাড়া নুসুক অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট সংগ্রহ করাও বাধ্যতামূলক।
জুলাই মাসে চালু হওয়া এই মাল্টিপল-এন্ট্রি ভিসার মেয়াদ ইস্যুর তারিখ থেকে এক বছর বা ৩৬৫ দিন পর্যন্ত কার্যকর থাকে। এই সময়ের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করা গেলেও, পুরো ভিসার মেয়াদে দেশটিতে অবস্থানের মোট সময় সর্বোচ্চ ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি সফরের জন্য আলাদাভাবে সার্ভিস প্যাকেজ কিনতে হবে, যার মেয়াদ কোনোভাবেই ভিসার অবশিষ্ট বৈধতার চেয়ে বেশি হতে পারবে না। ওমরাহ পারমিটে উল্লিখিত তারিখ এবং সার্ভিস প্যাকেজের নির্ধারিত তারিখের মধ্যে মিল থাকা জরুরি।
প্রথমবার ওমরাহ পালনের ক্ষেত্রে নুসুকের মাধ্যমে অনুমোদিত সার্ভিস প্যাকেজ কেনার মাধ্যমেই প্রক্রিয়া শুরু করতে হবে। এরপর ভিসার আবেদন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর ভ্রমণকারীর যোগ্যতা যাচাই করা হবে। সৌদি আরবে পৌঁছানোর পর এবং দেশ ছাড়ার সময় ভ্রমণকারীর তথ্য নথিভুক্ত ও হালনাগাদ করা হবে, যাতে ৯০ দিনের অনুমোদিত অবস্থানের হিসাব রাখা সম্ভব হয়। সবশেষে মন্ত্রণালয় জানিয়েছে, ভিসাধারীদের সৌদি আরবে প্রবেশ ও ভ্রমণের ক্ষেত্রে অন্যান্য নির্ধারিত যোগ্যতা ও নিয়মও যথাযথভাবে পূরণ করতে হবে।





