অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফরে যাবেন না প্রধানমন্ত্রী

প্রকাশ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে একটি অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ.কে.এম শহীদুল করিম রবিবার (১৬ আগস্ট) এক ব্রিফিংয়ে সরকারের এই অবস্থান তুলে ধরেন।

মুখপাত্র জানান, গত কয়েক সপ্তাহ ধরে প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে যোগাযোগ ছিল। তবে গত ৫ আগস্ট নয়াদিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য সংবাদ সম্মেলনের পর সেই প্রক্রিয়া ব্যাহত হয়েছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত শেখ হাসিনার ওই কর্মকাণ্ডের বিষয়ে বাংলাদেশ ইতিমধ্যে তার অবস্থান পরিষ্কার করেছে।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সফরের জন্য উপযুক্ত পরিবেশ প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এছাড়া, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত বাংলাদেশি আসামিদের হস্তান্তরের অনুরোধও করা হয়েছে। ঢাকা এখন এসব বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় আছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, বর্তমান সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মেনে কাজ করছে। এই নীতির মূল লক্ষ্য হলো সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা, পারস্পরিক অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী ও অন্যান্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রাখা।

শেয়ার করুন