জ্বালানি সংকট সমাধানে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন হাসনাত

প্রকাশ:

বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ছয় মাসের সময়সীমাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। হাসনাত আব্দুল্লাহ জানান, বিরোধী দলের পক্ষ থেকে বিদ্যুৎ সমস্যা সমাধানের জন্য যে পরিকল্পনাগুলো ইতোমধ্যে তৈরি করা হয়েছে, সরকার যেন সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার আগেই এনসিপির আহ্বায়ক, সংসদ সদস্য ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনে ১৫ দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব পেশ করেছিলেন। এই প্রস্তাবনাগুলোকে স্বল্পমেয়াদী (৩০ দিন), মধ্যমেয়াদী (৬ থেকে ১৮ মাস) এবং দীর্ঘমেয়াদী—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। তিনি জানান, এসব প্রস্তাবে সংকটের পেছনের ভুল সিদ্ধান্তগুলো চিহ্নিত করার পাশাপাশি ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিনজেন্সি প্ল্যান ও ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা রয়েছে।

সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে হাসনাত বলেন, ৬২ জনের বিশাল মন্ত্রিসভা ও উপদেষ্টা পরিষদ থাকার পরেও বিরোধী দলের এই প্রস্তাবনাগুলো প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি, যা অত্যন্ত দুঃখজনক। বিরোধী দলের প্রস্তাবগুলো জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার পাশাপাশি বিভিন্ন সেমিনারেও আলোচিত হয়েছে, অথচ সরকারের টিমের কেউ এগুলো পড়ে দেখার প্রয়োজনবোধ করেননি। তিনি সরকারের এমন উদাসীনতাকে গণতান্ত্রিক চর্চার জন্য নেতিবাচক হিসেবে উল্লেখ করেন।

হাসনাত আব্দুল্লাহ জানান, তাদের প্রস্তাবের মধ্যে ৩০ দিনের জন্য পাঁচটি, ৬ থেকে ১৮ মাসের জন্য ছয়টি এবং দীর্ঘমেয়াদী বাস্তবায়নের জন্য চারটি দফা রয়েছে। এছাড়া বিদ্যুৎ সংকট নিয়ে আলোচনার জন্য বিরোধী দলের পক্ষ থেকে বিশেষ সংসদীয় অধিবেশন আহ্বানের যে অনুরোধ জানানো হয়েছে, তাতে সরকারের সাড়া দেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন