রোববার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে সড়কপথে তিনি কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী কটিয়াদি উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করবেন। মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহ উদ্দিন টুকু জানিয়েছেন, এবারের মৎস্য পক্ষ উদযাপনের প্রতিপাদ্য হলো ‘রুপালি মৎসে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।

দিনব্যাপী প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে দুপুর সাড়ে ১২টায় কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দুপুর আড়াইটায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকার গৃহীত বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখা আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও তার অংশগ্রহণের কথা রয়েছে।

বিকাল সোয়া ৩টা থেকে ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ সার্কিট হাউসে বিরতির পর, বিকাল ৪টায় প্রধানমন্ত্রী পুরাতন স্টেডিয়ামে সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

শেয়ার করুন