বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও সুসংহত করার লক্ষ্য নিয়ে আগামী ১৭ আগস্ট সোমবার রাজধানী ঢাকার শেরাটন হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এই আন্তর্জাতিক ফোরামটির আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে।
গ্লোবাল র্যাঙ্কিং সংস্থা কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস), বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সহযোগিতায় আয়োজিত এই ফোরামের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ থ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’।
দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, কূটনৈতিক মিশনের সদস্য, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। ফোরামে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা, গবেষণার উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং ভবিষ্যৎ দক্ষতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। পাশাপাশি ‘কিউএস র্যাঙ্কিংস মেথডোলজি’ ও ‘কিউএস র্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ নিয়ে বিশেষ সেশনের আয়োজন করা হয়েছে।
এআইইউবি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের কর্মদক্ষতা এবং উচ্চশিক্ষায় প্রযুক্তির সমন্বয় নিয়ে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এর শিরোনামগুলো হলো ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ এবং ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজকদের প্রত্যাশা, ‘কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস ২০২৮’-কে সামনে রেখে বিশ্ববিদ্যালয়, সরকার ও শিল্প খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি কার্যকর রোডম্যাপ তৈরিতে এই ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





