ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, এই ভূমিকম্পের ফলে কোনো সুনামির আশঙ্কা নেই। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের পর কোনো আফটারশক বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
বিএমকেজির বিবৃতি অনুযায়ী, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৬৮ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল সিমালুঙ্গুন এলাকা থেকে প্রায় ১১ কিলোমিটার দক্ষিণ-পূর্বে স্থলভাগে। সংস্থাটি জানিয়েছে, তেবিং তিঙ্গি, কাবানজাহে ও লিমাপুলু এলাকার বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার পূর্ব ইন্দোনেশিয়ার উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। এরপর কয়েক ডজন আফটারশকও অনুভূত হয়। কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।





