রাশিয়া থেকে ভারতের তেল আমদানিতে নতুন রেকর্ড

প্রকাশ:

রাশিয়ার অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরতা জুলাই মাসে এক নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, গত মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির ৫০ দশমিক ৮৩ শতাংশ, অর্থাৎ প্রতিদিন প্রায় ২৪ লাখ ৭০ হাজার ব্যারেল তেল রাশিয়া থেকে সংগ্রহ করা হয়েছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক ও ভোক্তা দেশ হিসেবে ভারতের এই আমদানি গত বছরের জুলাইয়ের তুলনায় ৬২ দশমিক ৪ শতাংশ বেশি। তবে জুনের রেকর্ড প্রতিদিন ২৬ লাখ ব্যারেলের তুলনায় জুলাই মাসে আমদানি ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে ভারতীয় শোধনাগারগুলো যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ শুল্ক এড়াতে এবং ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার কারণে রাশিয়া থেকে তেল আমদানি কিছুটা কমিয়েছিল। তবে পরবর্তীতে ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় ভারতীয় শোধনাগারগুলোকে পুনরায় রাশিয়ার ওপর নির্ভরতা বাড়াতে হয়। এপ্রিল থেকে শুরু হওয়া চলতি অর্থবছরের প্রথম চার মাসে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিতে রাশিয়ার অংশ রেকর্ড ৪৩ দশমিক ২৫ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছর একই সময়ে ছিল প্রায় ৩৭ শতাংশ। এই চার মাসে ভারত প্রতিদিন গড়ে ২০ লাখ ব্যারেলের বেশি তেল আমদানি করেছে।

রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় এখন নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের জেরে মস্কোর ওপর চাপ বাড়াতে চলতি মাসে যুক্তরাষ্ট্রের সিনেটে একটি আইন পাস হয়েছে, যেখানে রাশিয়ার তেল ক্রয়কারী দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। তবে আইনটি এখনও মার্কিন প্রতিনিধি পরিষদের অনুমোদন পায়নি।

ভারতের এই পরিবর্তিত আমদানিনীতির ফলে মধ্যপ্রাচ্যের সরবরাহকারীদের ওপর বড় প্রভাব পড়েছে। এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ভারতের মোট অপরিশোধিত তেল আমদানিতে মধ্যপ্রাচ্যের অংশ ৪৩ শতাংশ থেকে কমে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে। বিপরীতে লাতিন আমেরিকার তেলের অংশ ৩ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১২ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে, যার বড় কারণ ব্রাজিল ও ভেনেজুয়েলা থেকে বর্ধিত আমদানি। এছাড়া সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরাককে টপকে ভারতের দ্বিতীয় বৃহত্তম তেল সরবরাহকারীতে পরিণত হয়েছে। ওপেক থেকে বেরিয়ে যাওয়া ইউএই বিপুল পরিমাণ তেল স্পট টেন্ডারের মাধ্যমে বাজারে ছাড়ায় ভারতীয় শোধনাগারগুলো সেখান থেকে আমদানি বাড়ানোর সুযোগ পাচ্ছে। ভারত তার প্রয়োজনের ৯০ শতাংশেরও বেশি তেল আমদানি করে থাকে, ফলে বৈশ্বিক সরবরাহ সংকট তৈরি হলে দেশটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে।

শেয়ার করুন