সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা-বাবা

প্রকাশ:

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে বসতঘরের টিনের চাল মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ শাহ (৩০) নামের এক যুবক নিহত হন। তাঁকে বাঁচাতে গিয়ে পরবর্তীতে তাঁর বাবা নুরুল আমিন (৭০) ও মা ফাতেমা বেগমও (৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুল আমিনের বসতঘরের পাশেই একটি মুদিদোকান ছিল, যা তিনি ও তাঁর ছেলে ফরহাদ মিলে পরিচালনা করতেন। বৃষ্টির সময় ঘরের টিনের চালে সমস্যা দেখা দিলে সোমবার বিকেলে ফরহাদ তা মেরামতের চেষ্টা করেন। এ সময় চালের ওপর থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি নিচে পড়ে যান। ছেলেকে উদ্ধার করতে গিয়ে নুরুল আমিন এবং পরে ফাতেমা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ শাহর মামা ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীন মিয়া জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন