মধ্যপ্রাচ্যে নতুন বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

প্রকাশ:

মধ্যপ্রাচ্যে নতুন একটি বিমানবাহী রণতরি পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকনের পরিবর্তে ইউএসএস জর্জ ওয়াশিংটনকে সেখানে মোতায়েন করতে পারে।

ইউএসএস আব্রাহাম লিংকন বর্তমানে ২৫০ দিনেরও বেশি সময় ধরে মোতায়েন রয়েছে এবং গত ২০০ দিনে রণতরিটি কোনো বন্দরে নোঙর করেনি। গত বছরের নভেম্বরে এটিকে মোতায়েন করা হয়েছিল এবং পরবর্তীতে জানুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রাক্কালে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়। অপারেশন এপিক ফিউরিতে যুদ্ধবিমানসহ রণতরিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীতে ইরানের বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ কার্যকর রাখার কাজেও যুক্ত ছিল।

দীর্ঘ সময় ধরে টানা মোতায়েন থাকায় রণতরিটির নাবিকদের কাজের পরিবেশ ও জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন আইনপ্রণেতারা। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হুং কাও-এর কাছে লেখা চিঠিতে রণতরিটিতে মৌলিক সামগ্রীর ঘাটতি, পানি দূষণ, পয়োনিষ্কাশন ব্যবস্থার সমস্যা, মানসিক স্বাস্থ্যের অবনতি এবং ডেকের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেছেন। এছাড়া ডাক ব্যবস্থায় বিঘ্ন ঘটায় নাবিকদের পরিবার থেকে পাঠানো অনেক পার্সেল হারিয়ে যাওয়ার বিষয়টিও তিনি উল্লেখ করেছেন।

মার্কিন প্রতিনিধি মার্লিন স্টুটজম্যান সিএনএনকে জানিয়েছেন, তিনি পেন্টাগন ও মার্কিন প্রশাসনের কাছে এ বিষয়ে আরও তথ্য চাইবেন। তিনি জোর দিয়ে বলেন যে, যারা দেশের সেবা করছেন, তাদের যথাযথ যত্ন পাওয়ার আত্মবিশ্বাস থাকা উচিত।

শেয়ার করুন