নোয়াখালীর বেগমগঞ্জে রাব্বি হোসেন রাকিব (২২) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে অপহরণ করে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভবভদ্রি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এই ছিনতাই ও নির্যাতনের ঘটনা ঘটে। ভুক্তভোগী রাকিব ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।
ভুক্তভোগী অটোরিকশা চালক রাকিবের অভিযোগ অনুযায়ী, বুধবার রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে নিজ বাসায় ফেরার পথে তিনি এই ঘটনার শিকার হন। স্থানীয় হায়দার বাড়ির দরজার কাছে পৌঁছালে একদল অস্ত্রধারী তার অটোরিকশাটির গতিরোধ করে। এরপর পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে জোরপূর্বক আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যাওয়া হয়।
রাকিব আরও অভিযোগ করেন, সেখানে একই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮) তাকে ঘিরে ফেলে এবং তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় হামলাকারীরা তার সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।





