হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

প্রকাশ:

দিল্লিতে আয়োজিত এক কনফারেন্সে শেখ হাসিনার দেয়া বক্তব্য প্রকারান্তরে ভারত সরকারের ভাষ্য বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনে দেশ যখন ব্যস্ত, তখন দিল্লিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও গণহত্যাকারী শেখ হাসিনা আশ্রিত থাকা অবস্থায় প্রেস কনফারেন্স করেছেন। তার দাবি, শেখ হাসিনা ও আওয়ামী লীগ যা বলছেন, তা শুধু তাদের কথা নয় বরং এটি ভারত সরকারের ভাষ্য।

নাহিদ ইসলাম উদাহরণ দিয়ে বলেন, ভারতের সেভেন সিস্টার্সের কোনো স্বাধীনতাকামী সংগঠন যদি ঢাকায় প্রেস কনফারেন্স করে এবং বাংলাদেশ সরকার যদি বলে যে এর দায় তাদের নয়, তবে তা কি কেউ বিশ্বাস করবে? তাই দিল্লির প্রেস কনফারেন্স ভারত সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন ছাড়া হওয়া অসম্ভব বলে তিনি মনে করেন।

তারেক রহমানের দিল্লি সফর প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে তা নির্ধারিত না হওয়া পর্যন্ত তারেক রহমানের দিল্লি সফর করা উচিত হবে না। হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চূড়ান্ত না করে প্রধানমন্ত্রীর ভারতে যাওয়া সমীচীন নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, কয়েক দিন আগে তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে আলোচনার কথা জানিয়েছিলেন। তবে ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নাহিদ ইসলাম বলেন, ভারত সরকার বাংলাদেশকে কীভাবে দেখবে তা জানা থাকলেও, বর্তমান সরকার কী ব্যবস্থা নেবে এবং রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমরা কীভাবে তা মোকাবিলা করব, সেই ঐক্যের জায়গাটি আমাদের খুঁজে বের করতে হবে।

শেয়ার করুন