ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে রাজধানীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শাহবাগ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম এ তথ্য জানান।
প্রশাসক জানান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় এই আধুনিক সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে ডিএসসিসির আওতাধীন আটটি গুরুত্বপূর্ণ মোড়ে—বাংলা মোটর, হোটেল ইন্টারক, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম ফোয়ারা, শিক্ষা ভবন ও শাহবাগে—প্রাথমিকভাবে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে।
আবদুস সালাম আরও বলেন, এই প্রযুক্তি পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আর মোড়ে দাঁড়িয়ে হাতের ইশারায় সংকেত দিতে হবে না। এতে ট্রাফিক পুলিশের রোদ-বৃষ্টিতে দাঁড়িয়ে দায়িত্ব পালনের কষ্ট লাঘব হবে। আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা মহানগরের আরও ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে এই সিগন্যাল ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ডিএসসিসির আওতাধীন আরও ২২টি মোড় অন্তর্ভুক্ত রয়েছে।
তবে কেবল প্রযুক্তির ওপর নির্ভর করলেই যানজট দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। তিনি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, সিগন্যাল অমান্য করা, নির্দিষ্ট লেন ব্যবহার না করা, জেব্রা ক্রসিংয়ের নিয়ম লঙ্ঘন এবং মোড়ে অবৈধ প্রতিবন্ধকতা সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানার পাশাপাশি বারবার আইন ভাঙলে ড্রাইভিং লাইসেন্স বাতিল ও গাড়ির কাগজপত্র জব্দের মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।





