ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ:

ময়মনসিংহে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর মাসকান্দা এলাকায় পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাব্বী (২৭)। এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে রাব্বী পাসপোর্ট অফিসের সামনে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ কয়েকজন হামলাকারী তার ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে রাব্বী দৌড়ে একটি দোকানের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা সেখানেও ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, এই হামলায় সাব্বির ও তার ভাই সরাসরি জড়িত ছিলেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

শেয়ার করুন