রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি

প্রকাশ:

দেশের তেইশতম রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নির্বাচন ভবনে গিয়ে দলের জ্যেষ্ঠ নেতারা এই মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ নেতা আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, শহীদ উদ্দিন চৌধুরী ও হাবিব উন নবী খান সোহেল। নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন এবং ইসি সচিব আখতার আহমেদ এ মনোনয়নপত্র গ্রহণ করেন।

বিএনপির পক্ষ থেকে একই ব্যক্তির নামে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল এবং দুটিই জমা দেওয়া হয়েছে। উভয় মনোনয়পত্রেই প্রস্তাবক হিসেবে ছিলেন বিএনপির নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আবদুল মঈন খান এবং সমর্থনকারী হিসেবে ছিলেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এর আগে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকের শুরুতে চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেন। একই সাথে মির্জা ফখরুল দলের মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী, মো. সাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করার পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন এবং ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সিইসি এ এম এম নাসির উদ্দিন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন, যার অংশ হিসেবে ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন