মাঠ পর্যায়েই সংশোধন করা যাবে এনআইডির জন্ম তারিখ

প্রকাশ:

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্ম তারিখ সংশোধনের প্রক্রিয়া সহজ করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে অনলাইনে যাচাইযোগ্য জেএসসি, এসএসসি বা সমমানের শিক্ষাগত সনদের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদনগুলো স্থানীয় পর্যায় থেকেই নিষ্পত্তি করা সম্ভব হবে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইসির এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, শিক্ষাগত সনদের ভিত্তিতে করা এসব আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে গণ্য হবে। মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসার এবং এনআইডি উইংয়ের সহকারী পরিচালক, উপপরিচালক ও পরিচালকরা এই আবেদনগুলো নিষ্পত্তি করার এখতিয়ার পাবেন।

শিক্ষাগত সনদের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় দলিলপত্র গ্রহণের ক্ষেত্রে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখের প্রজ্ঞাপন নম্বর ১৭,০০,০০০০. ০৬৪.২২.০৪৫.১৯ (অংশ-১)-৩০৫১ অনুযায়ী বিদ্যমান এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর) অনুসরণ করতে হবে। এছাড়া, ইলেকট্রনিক পদ্ধতিতে সংশোধন আবেদন অনুমোদন বা বাতিলের সময় সিএমএসে (CMS) আবশ্যিকভাবে নোট দিতে হবে।

তবে সব ধরনের আবেদন মাঠ পর্যায়ে নিষ্পত্তি করা যাবে না। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুযায়ী জন্ম তারিখ সংশোধন এবং জন্ম তারিখের পাশাপাশি নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের আবেদনগুলো মহাপরিচালক (ডিজি) পর্যায়ে নিষ্পত্তি করা হবে।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে যে, জন্ম তারিখ, নিজের নাম ও বাবা-মায়ের নাম সম্পূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে একই ফিল্ডে দ্বিতীয়বার কোনো সংশোধন করা যাবে না। নতুন এই পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন