নিয়মিত বিরতিতেই নিজেদের দাদাবাড়িতে বেড়াতে যান তিন বোন সুচন্দা, ববিতা ও চম্পা। এবারও সাতটি গাড়ির বহর নিয়ে যশোরের বিজয়নগর গ্রামে পৌঁছান তাঁরা। জনপ্রিয় এই তিন তারকা বোনের আগমনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তাদের একনজর দেখতে ভিড় করেন। ভক্তদের এমন নিঃস্বার্থ ভালোবাসা ও আন্তরিকতায় আপ্লুত হন তিন বোন। সুচন্দা জানান, মানুষের এই ভালোবাসা তিনি দারুণ উপভোগ করেন এবং এমন অভিজ্ঞতার কোনো তুলনা হয় না। স্থানীয়দের কেউ কেউ তাদের সাথে কথা বলেছেন, আবার কেউবা প্রিয় তারকাকে ছুঁয়ে দেখার সুযোগ পেয়েছেন।
এই সফরে পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো সময় এবং শিকড়ের সান্নিধ্য লিসা মালিকের কাছে হয়ে থাকবে এক আজীবনের স্মৃতি। লিসা জানান, ছোটবেলা থেকে মায়ের মুখে শোনা দাদাবাড়ির গল্প—যেমন ঝড়ের পর আম কুড়ানো, গোলাভরা ধান কিংবা আকাশজুড়ে কবুতরের ওড়াউড়ি—এবার তিনি নিজের চোখে দেখার সৌভাগ্য পেয়েছেন। তপু নামের এক আত্মীয়ের ফিল্মি স্টাইলে বরণ করার আয়োজন ছিল এই সফরের অন্যতম আকর্ষণ।
লিসা আরও বলেন, এই সফর তাকে নতুন করে শিখিয়েছে যে মানুষের মানবিকতা, চরিত্র ও মূল্যবোধের ভিত্তি গড়ে ওঠে পরিবার ও শিকড় থেকে। নিজের মা, দুই খালা ও মামার জীবনযাত্রা ও পারিবারিক বন্ধন দেখে নানা-নানির প্রতি তার শ্রদ্ধা আরও বহুগুণ বেড়ে গেছে। তিনি মনে করেন, এমন আদর্শবান সন্তান তৈরির পেছনে নিশ্চয়ই নানা-নানির অসাধারণ শিক্ষা ও আদর্শ ছিল। যশোরের এই সফরকে লিসা তার জীবনের একটি বিশেষ স্মৃতি হিসেবে উল্লেখ করে পরিবারের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।




