শিগগিরই ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ:

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই দ্বিপক্ষীয় সফরে ভারতের রাজধানী নয়াদিল্লি যেতে পারেন। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সূত্র টাইমস নাওকে এ তথ্য নিশ্চিত করেছে। দুই দেশের মধ্যকার সম্পর্কে অবনতি রোধ এবং কূটনৈতিক যোগাযোগ জোরদারের লক্ষ্যেই এই সফরের পরিকল্পনা করা হচ্ছে।

সূত্রগুলো জানিয়েছে, দ্বিপক্ষীয় সফর এবং ব্রিকসের আউটরিচ অধিবেশন—উভয়ের জন্যই আমন্ত্রণ পেলেও সাম্প্রতিক পরিস্থিতি এবং শেখ হাসিনা ইস্যুর কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিকস সম্মেলনে অংশ নেয়ার সম্ভাবনা ‘প্রায় নিশ্চিতভাবেই নেই’। এর পরিবর্তে নয়াদিল্লিতে একটি স্বতন্ত্র দ্বিপক্ষীয় সফর আয়োজনের বিষয়টি নিয়ে কাজ চলছে, যাতে বহুপক্ষীয় সম্মেলনের রাজনৈতিক আবহ এড়িয়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর দেয়া যায়।

এই প্রেক্ষাপটে বাংলাদেশে সদ্য নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকটি ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে। ওই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

আগামী কয়েক সপ্তাহে এটি স্পষ্ট হবে যে, হাইকমিশনার ত্রিবেদীর এই সাম্প্রতিক উদ্যোগ দুই দেশের সম্পর্কে কতটা কার্যকর পরিবর্তন আনতে পারে। একই সঙ্গে ভারতের আইনি ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতার সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি কীভাবে সমন্বয় করা যায়, এবং সীমান্ত নিরাপত্তা ও গঙ্গা পানিবণ্টন চুক্তির মতো দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলোতে কতটা অগ্রগতি হয়, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

শেয়ার করুন