প্রধানমন্ত্রী তারেক রহমান তার মাসিক বেতনের ১০ শতাংশ নিয়মিতভাবে সরকারি কোষাগারে জমা দিয়ে আসছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৬ জুলাই) রাজধানীতে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী বিনয়ের সঙ্গে মন্ত্রীদের কাছে একটি ব্যক্তিগত অনুরোধ জানান। তিনি বলেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতি মাসে তার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ গরিব ও অসহায় মানুষের কল্যাণ কিংবা সরকারি জরুরি প্রয়োজনে ব্যয় করা সম্ভব হয়। বাবার সেই চর্চাকে অনুসরণ করেই প্রধানমন্ত্রী নিজে এই উদ্যোগ গ্রহণ করেছেন।
প্রধানমন্ত্রী তার বেতন কাঠামো সম্পর্কে উল্লেখ করে বলেন, তার মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। এর ১০ শতাংশ অর্থাৎ ১১ হাজার ৫০০ টাকা তিনি প্রতি মাসে সরকারি কোষাগারে জমা দেন। বেতন অ্যাকাউন্টে আসার পর তিনি নিয়মিতভাবে এই অর্থ সরকারি হিসাবে ফেরত দেন।
এই কর্মশালায় স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদেরও সামর্থ্য থাকলে প্রতি মাসে বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। মন্ত্রীদের পক্ষ থেকে এ প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রাখার মানসিকতা থেকেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নিয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।





