ইউএসএস আব্রাহাম লিংকনে সংঘর্ষ: ৭ মার্কিন নৌসদস্য নিহত হওয়ার দাবি

প্রকাশ:

ভারত মহাসাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, এই সহিংসতায় সাতজন মার্কিন নৌসদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান এবং কঠোর মোতায়েন পরিস্থিতির কারণে জাহাজটির নাবিকদের মধ্যে তীব্র চাপ ও অসন্তোষ বিরাজ করছিল বলে জানা গেছে।

সামরিক সূত্রের বরাতে তাসনিম জানিয়েছে, জাহাজটির দীর্ঘমেয়াদি মোতায়েন নিয়ে ক্রুদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকায় তাদের পরিবারের সদস্যরাও এক পর্যায়ে প্রতিবাদ জানান। এই উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে রণতরীটিতে যান। তবে সূত্রটির দাবি, নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ওই উপদেষ্টাকে দুয়োধ্বনি দেওয়া হয় এবং তার দিকে পানির বোতল ছুড়ে মারা হয়। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্রুদের নিজেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্রের ব্যবহার হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইউএসএস আব্রাহাম লিংকন ভারত মহাসাগরে অবস্থান করছে এবং এটি টানা ২৬৩ দিন ধরে মোতায়েন রয়েছে। ইরানের বিরুদ্ধে একটি ‘নৌ অবরোধ’ কার্যকর করাই জাহাজটির প্রধান মিশন বলে দাবি করেছে তাসনিম। এছাড়া রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে একটানা অবস্থান করেছে, যা আধুনিক যুগে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর জন্য দীর্ঘতম সময়। ঘটনার পর জাহাজটির ভেতরের পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ ও অস্থিতিশীল বলে দাবি করা হচ্ছে। তবে সাত মার্কিন নৌসদস্য নিহতের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন