রাজধানীর সিদ্দিক বাজার এলাকায় মুদি দোকানি আব্দুল কুদ্দুসকে হত্যার দায়ে মাসুম মিয়া ওরফে কালু নামের এক ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. সাদেকীন হাবিব বাপ্পী এই রায় ঘোষণা করেন। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইউনুস মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় উভয় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত রায় ঘোষণার পর দণ্ডিত মাসুম মিয়াকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে কামরাঙ্গীচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস নোয়াখালীর সোনাইমুড়িতে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে রিকশায় করে বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথে বংশাল থানার সিদ্দিক বাজার এলাকায় পৌঁছালে দুই ছিনতাইকারী তার রিকশার গতিরোধ করে। এ সময় তারা কুদ্দুসকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই নিহতের চাচাতো ভাই মো. কামাল হোসেন বাদী হয়ে বংশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) মো. শহীদুল ইসলাম দুইজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৭ সালের ৭ মার্চ দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। বিচার চলাকালে আদালত মোট ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।





