মহাখালীতে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ৪

প্রকাশ:

রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিছিল চলাকালীন বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়। মঙ্গলবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মোটরসাইকেলে করে একদল নেতাকর্মী টার্মিনাল এলাকার সামনে দিয়ে দ্রুতগতিতে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন এবং চারজনকে আটক করেন।

আটককৃতরা হলেন সরকারি বাংলা কলেজ শাখা ছাত্রলীগের কর্মী আসলাম মিয়া (২৫) ও আশিকুল ইসলাম (২৪) এবং আওয়ামী লীগ কর্মী মাহফুজুর রহমান সিয়াম (১৯) ও মনির হোসেন (৪৮)।

বনানী থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে ঘটনাস্থলে জড়ো হচ্ছিলেন। আটকদের বাইরে অন্যরা পালিয়ে যাওয়ার সময় আরও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় স্থানীয় জনতার গণপিটুনিতে আহত এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন