বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের পক্ষ থেকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকসের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
মুখপাত্র জানান, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জয়সওয়াল বলেন, আমাদের হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি দিল্লিতে অনুষ্ঠিতব্য ব্রিকস আউটরিচ সেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরবর্তী সময়ে জানানো হবে। তবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সোমবার জানিয়েছিলেন, ব্রিকস আউটরিচ সেশনে তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি ভারতের প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি জানান, এটি একটি আইনি বিষয় এবং বর্তমানে তদন্ত চলছে।





