সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ১৬তম সভায় 'ভিসা নীতিমালা-২০২৬'-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নতুন এই নীতিমালার আওতায় বিদেশিদের জন্য ভিসার ক্যাটাগরি ৩৩টি থেকে বাড়িয়ে ৩৪টি নির্ধারণ করা হয়েছে।
মন্ত্রিপরিষদের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, বিদ্যমান ভিসা পদ্ধতিকে আরও যুগোপযোগী, নিরাপদ, গতিশীল এবং সহজ করার লক্ষ্যে এই নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে আরও সহজ ও সুশৃঙ্খল করা। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ (এফডিআই), ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা এবং প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
এছাড়া জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা, পারস্পরিকতা (রেসিপিটি) নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এই নীতিমালায়।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই নীতিমালার ভিত্তিতে পূর্ববর্তী ভিসা সংক্রান্ত সকল সার্কুলার বাতিল করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একটি সমন্বিত ও আধুনিক ভিসা ফ্রেমওয়ার্ক তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ সমন্বিতভাবে এই নীতিমালা বাস্তবায়নের কাজ করবে।
এতে বলা হয়, ভিসা নীতিমালা, ২০০৬-এ ভিসার ক্যাটাগরি ৩৩টি ছিল, ভিসা নীতিমালা, ২০২৬-এ ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।





