বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি এবং অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া আরও সহজতর করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশি বিশ্ববিদ্যালয় এবং অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে সরাসরি তাদের শিক্ষা ব্যয় পরিশোধ করতে পারবেন।
সোমবার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা ক্রমাগত বাড়ছে। শিক্ষার্থীদের এই প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়েই আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে থাকবে। অর্থাৎ, বিদেশে পড়াশোনার জন্য কার্ডে পরিশোধিত অর্থ সাধারণ ভ্রমণ কোটায় কোনো প্রভাব ফেলবে না।
নির্দেশনা অনুযায়ী, কার্ডটি শিক্ষার্থীর নিজের নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে, কার্ডের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কেবল অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয়ই পরিশোধ করা হচ্ছে। এছাড়া, প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।





