টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ দিলেন বাংলাদেশ ব্যাংক

প্রকাশ:

দেশের ভ্রমণপিপাসু নাগরিকদের জন্য সুখবর নিয়ে এলো বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি ভ্রমণকারীরা দেশের অভ্যন্তরে বসেই টাকায় বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনার সুযোগ পাবেন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সুবিধাটি ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সদস্যভুক্ত অপারেটরদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। নতুন এই ব্যবস্থায় টোয়াবের সদস্য ট্যুর অপারেটররা বাংলাদেশে বসবাসকারী নাগরিকদের কাছ থেকে প্যাকেজ বিক্রির বিপরীতে দেশীয় মুদ্রায় অর্থ গ্রহণ করতে পারবেন। পরবর্তীতে তারা সংশ্লিষ্ট বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানিকে সেবার মূল্য পরিশোধের জন্য সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, যেসব ট্যুর অপারেটরের বিদেশি ট্যুর অপারেটর, হোটেল বা ডেস্টিনেশন ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে ব্যবসায়িক সমঝোতা বা চুক্তি রয়েছে, শুধুমাত্র তারাই এই সুবিধা ভোগ করতে পারবেন। এই প্যাকেজের আওতায় বিদেশে ভ্রমণসংক্রান্ত আবাসন ও পরিবহনসহ প্রকৃত সেবার বিপরীতে অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

নতুন এই নিয়মে একজন ভ্রমণকারী তার নিয়মিত বার্ষিক ভ্রমণ কোটার অতিরিক্ত হিসেবে প্রতি ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ পাবেন। তবে এই সুবিধা ব্যবহারের ক্ষেত্রে ট্যুর অপারেটরদের কিছু শর্ত মানতে হবে। অপারেটরদের ভ্রমণকারীর পাসপোর্ট নম্বরের বিপরীতে লেনদেনের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ করতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট ভ্রমণকারী অন্য কোনো অপারেটরের মাধ্যমে নির্ধারিত বার্ষিক সীমা অতিক্রম করেননি—এমন মর্মে ভ্রমণকারীর কাছ থেকে একটি ঘোষণাপত্র সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে।

শেয়ার করুন