সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশী নিহত

প্রকাশ:

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বীর বরাত দিয়ে এই মর্মান্তিক তথ্য নিশ্চিত করেছে।

মোহাম্মদ রেজায়ে রাব্বী জানান, গত রোববার (৯ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। সেখানে কর্মরত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অগ্নিকাণ্ডে লাশগুলো ব্যাপকভাবে পুড়ে যাওয়ায় তাদের শনাক্তকরণ প্রক্রিয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতদের সবাই বাংলাদেশী। বর্তমানে স্থানীয় ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় রিয়াদে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। দূতাবাসের কর্মকর্তারা বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছেন, যাতে মৃতদের নাম-পরিচয় দ্রুত শনাক্ত করা সম্ভব হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগের জন্য দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী।

শেয়ার করুন