নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রবিবার (৯ আগস্ট) এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটিগুলো গঠন করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচনের পর প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিন, তারিখ, সময় ও স্থান নির্ধারিত হবে। এই অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্যই দায়িত্বপ্রাপ্ত কমিটিগুলো কাজ করবে।
গঠিত কমিটিগুলোর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) ফারাহ শাম্মীর নেতৃত্বে রয়েছে সমন্বয় কমিটি। এছাড়া প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শামীম সোহেলের নেতৃত্বে ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি এবং অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি গঠন করা হয়েছে।
আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির নেতৃত্বে রয়েছেন সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। এ ছাড়া আসন ব্যবস্থাপনা কমিটির দায়িত্বে আছেন কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির এবং অভ্যর্থনা কমিটির নেতৃত্বে রয়েছেন আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগম।
মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী এসব কমিটিতে নতুন কর্মকর্তা ও কর্মচারীদের অন্তর্ভুক্ত করা যাবে। দায়িত্ব পাওয়ার পর কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রম নিয়মিতভাবে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) অবহিত করতে এবং প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





