চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নতুন টিনের ঘরের চাবি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই চাবি তুলে দেন।
চাবি হস্তান্তরের সময় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। এরপর তিনি ওই এলাকায় একটি মেহগনি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রসঙ্গত, গত ৭ জুলাই থেকে শুরু হওয়া অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। এই প্রাকৃতিক দুর্যোগে সৃষ্ট জলাবদ্ধতায় শত শত মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্থানীয়দের পুকুর, জলাশয় ও মাছের ঘের পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন তারা।





