২৯ বছর বয়সে ক্ষমতা দখলের ব্যাকুলতা নিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রীর মন্তব্য

প্রকাশ:

মাত্র ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য অনেকের ব্যাকুল হয়ে ওঠার কঠোর সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। রবিবার (৯ আগস্ট) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাইয়ে চিকিৎসকদের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, অনেকে জুলাইয়ের ঘটনাকে কেবল ৩৬ দিনের একটি আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছেন। কিন্তু প্রকৃত অর্থে এটি ছিল ১৭ বছরের দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের ফসল। যারা জুলাইয়ের চেতনাকে বিক্রি করছেন, তাদের এ বিষয়ে শিক্ষা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জুলাইয়ের কৃতিত্ব নিয়ে বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন বয়ান দেওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে চক্রান্তমূলকভাবে রাষ্ট্রপতি ও বিদেশি অতিথিদের সামনে দেশকে কলঙ্কিত করা হয়েছে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন তৈরি হলে মৌলবাদীরা এর সুযোগ নেবে বলে সতর্ক করেন তিনি। তাই বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন আহমেদ আযম খান।

অন্তর্বর্তী সরকারের গাফিলতির দিকে ইঙ্গিত করে মন্ত্রী জানান, এখন পর্যন্ত হাজার হাজার জুলাই যোদ্ধার নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয়নি। এছাড়া গত ১৭ বছরের আন্দোলনে যারা গুম ও হত্যার শিকার হয়েছেন, তাদের বিষয়টি দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে শিগগিরই একটি নতুন অধিদপ্তর চালু করা হবে বলেও তিনি জানান। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

শেয়ার করুন