সুদ ছাড়াই মিলবে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ

প্রকাশ:

বিদ্যুৎ, গ্যাস, পানি বা মোবাইল বিলের মতো দৈনন্দিন ছোটখাটো জরুরি খরচ মেটানোর সুবিধার্থে একটি নতুন ডিজিটাল ঋণ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক। এই উদ্যোগের আওতায় গ্রাহকরা ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের খসড়া নীতিমালা অনুযায়ী, এই ঋণের বিপরীতে কোনো সুদ আরোপ করা হবে না। তবে ঋণের পরিমাণের ওপর ভিত্তি করে ব্যাংকগুলো নির্দিষ্ট হারে সেবামূল্য বা সার্ভিস চার্জ আদায় করতে পারবে। ঋণ গ্রহণের পরবর্তী ৩০ দিনের মধ্যে পুরো অর্থ পরিশোধ করার বাধ্যবাধকতা থাকবে।

নীতিমালার খসড়ায় নির্ধারিত সেবামূল্যের কাঠামো অনুযায়ী, ৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫ টাকা, ২৫১ থেকে ৫০০ টাকা পর্যন্ত ১০ টাকা, ৫০১ থেকে ১ হাজার টাকা পর্যন্ত ১৫ টাকা এবং ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ ২৫ টাকা চার্জ নেওয়া যাবে। এছাড়া ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ টাকা এবং ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ঋণে সর্বোচ্চ ৫০ টাকা সেবামূল্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে অতিরিক্ত কোনো চার্জ বা সুদ আদায়ের সুযোগ থাকবে না।

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই ঋণ প্রক্রিয়া সম্পন্ন হবে। গ্রাহককে ঋণের আবেদনের জন্য ব্যাংকের শাখায় সশরীরে উপস্থিত হতে হবে না। মোবাইল ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আবেদনের পাশাপাশি বায়োমেট্রিক পরিচয় যাচাই ও ডিজিটাল সম্মতির মাধ্যমে ঋণ অনুমোদন এবং অর্থ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

বর্তমানে এই সুবিধাটি চালু হয়নি। বাংলাদেশ ব্যাংক এই খসড়া নীতিমালার ওপর সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করছে। সব মতামত ও পরামর্শ পর্যালোচনার ভিত্তিতেই চূড়ান্ত নীতিমালা জারি করা হবে।

শেয়ার করুন