ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্তব্য করেছেন যে, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব। রোববার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় দীনেশ ত্রিবেদী বলেন, 'আমার মনে হচ্ছে, যদি দুই নেতার—প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী—আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় (হোয়েন টু লিডার্স মিট, লট অব প্রবলেমস আর সলভড)। সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি।' তিনি আরও যোগ করেন, 'আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে। সমাধান (সলিউশনটা) হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই। সব ইতিবাচক।'
আগামীকাল সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। সেই সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি অনেকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি। আমাদের প্রধানমন্ত্রীও (নরেন্দ্র মোদী) জনবান্ধব ব্যক্তি।'





