হবিগঞ্জে লরি-ট্রাক সংঘর্ষে নিহত ২, মহাসড়কে দীর্ঘ যানজট

প্রকাশ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেজুরা সেতুর ওপর তেলবাহী লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশ দিয়ে যাওয়া একটি সিএনজি চালিত অটোরিকশার ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকে থাকা রিপন মিয়া (২৭) এবং অটোরিকশার যাত্রী আবুল খায়ের (৫০) নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুর্ঘটনাকবলিত যানবাহনের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মিয়া জানান, ট্রাকটি সিএনজির ওপর উঠে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে বিকাল তিনটার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন