রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণা করা হয়েছে। আজ রোববার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জোটের শীর্ষ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এক ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, জুলাই সনদ ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিএনপি অনীহা দেখিয়েছে। তারা পূর্বতন সরকারগুলোর মতোই কর্মকাণ্ড পরিচালনা করছে। জোটের পক্ষ থেকে আশা করা হয়েছিল, রাষ্ট্রপতির নির্বাচনটি জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের মাধ্যমে সম্পন্ন হবে, কিন্তু বিএনপি এ বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি।
নাহিদ ইসলাম আরও যোগ করেন, যদি বিএনপি সংস্কারের পথে হাঁটত, তবে ক্ষমতাসীন ও বিরোধী দল মিলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রপতি পদে একজন একক প্রার্থী দেওয়া সম্ভব হতো। কিন্তু তারা সেই পথ বেছে না নেওয়ায় ১১-দলীয় ঐক্যের পক্ষ থেকে আলাদাভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে। সেই অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর যাচাই-বাছাই সম্পন্ন হবে এবং ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশনকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা ভোট প্রদান করবেন এবং প্রার্থী হওয়ার জন্য একজন সংসদ সদস্যের প্রস্তাব ও সমর্থনের প্রয়োজন হয়।





