সৈয়দপুরে রজতজয়ন্তী উদযাপন ও নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

প্রকাশ:

নীলফামারীর সৈয়দপুরে শ্রমজীবী নারী সমাজের সংগঠন ‘শ্রজীনাস’ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজতজয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। গত শনিবার (৮ আগস্ট) আয়োজিত এই কর্মসূচির শুরুতে শহরের শেখ ইসমত জাহান স্কুল থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সৈয়দপুর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এম এ পারভেজ লিটন এবং সভাপতিত্ব করেন সভাপতি ফেরদৌসি বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কোহিনুর লিপি ও জান্নাতুন নাঈম (রূমা)।

রজতজয়ন্তীর মূল আকর্ষণ ছিল সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান। ক্ষুদ্র ও কুটির শিল্প, বিউটি ও গ্রুমিং, হোমমেড উদ্যোগ, সৃজনশীল কাজ এবং তরুণ উদ্যোক্তা—এই পাঁচটি ক্যাটাগরিতে নারীদের এই সম্মাননা দেওয়া হয়। এর পাশাপাশি সংগঠনের নবীন সদস্যদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে শ্রজীনাসের প্রতিষ্ঠাতা মরহুমা সাইমা সারোয়ারের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা নারীদের আত্মনির্ভরশীলতা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। প্রধান অতিথি বিলকিস ইসলাম বলেন, নারীরা নিজেদের প্রতিভা কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে এগিয়ে এলে পরিবার ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। সংগঠনের সাধারণ সম্পাদক কোহিনুর লিপি জানান, ২৫ বছরের পথচলায় শ্রজীনাস শ্রমজীবী ও সৃজনশীল নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ৭০ জনের বেশি। সবশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন শেষ হয়।

শেয়ার করুন