বুড়িচংয়ে মাদক কারবারিদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা বিএনপি নেতার

প্রকাশ:

কুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদক কারবারি ও মাদকসেবীদের তথ্য প্রদানকারীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম টিপু। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি বুড়িচংবাসীর প্রতি এই আহ্বান জানান।

পোস্টে উপজেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে স্থানীয়দের সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সাইফুল ইসলাম টিপু জানান, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিনের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে বাস্তবে রূপ দিতে এই সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।

ঘোষণা অনুযায়ী, কোনো মাদক কারবারির বিষয়ে সঠিক তথ্য দিয়ে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে সহায়তা করলে ১০ হাজার টাকা এবং কোনো মাদকসেবীর বিষয়ে তথ্য দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহায়তা করলে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।

সাইফুল ইসলাম টিপু তার পোস্টে উল্লেখ করেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই বুড়িচংকে মাদকমুক্ত করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, মাদক কারবারি বা মাদকসেবীকে নিজের হাতে আটক কিংবা আইন প্রয়োগের চেষ্টা করা যাবে না; বরং তাদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে।

শেয়ার করুন