ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন তার নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের কাজে। ব্যস্ত শুটিংয়ের ফাঁকে বৃহস্পতিবার তিনি নেপালের পোখারার অন্নপূর্ণা অঞ্চলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বের হন। সেখানে পাহাড়ের ওপর দিয়ে কেবল কারে চড়ার সময় রোমাঞ্চের পাশাপাশি দারুণ ভয় পেয়েছেন এই নায়িকা।
নিজের এই অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে সরাসরি শেয়ার করতে ফেসবুক লাইভে আসেন অপু বিশ্বাস। লাইভের ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'ভীষণ ভয় লাগছে।' কেবল কারটি পাহাড়ের অনেক ওপর দিয়ে চলায় উচ্চতার কারণে তিনি বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। অভিনেত্রী জানান, এর আগে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে কেবল কারে চড়ার অভিজ্ঞতা থাকলেও নেপালের অন্নপূর্ণার এই অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ আলাদা। পাহাড়ের অনেক ওপরে ঝুলন্ত অবস্থায় চলাচল করায় এবার রোমাঞ্চের চেয়ে ভয়ই বেশি কাজ করেছে তার মনে।
তবে সেই ভয়ের মধ্যেও মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করেছেন অপু। তিনি উচ্চতাভীতিতে ভোগা মানুষদের সতর্ক করে বলেছেন, যাদের উচ্চতাভীতি বা হৃদ্যন্ত্রের সমস্যা রয়েছে, তাদের এমন রোমাঞ্চকর কেবল কার ভ্রমণে না যাওয়াই ভালো। শুটিংয়ের পাশাপাশি নেপালের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলেও দূরদেশে গিয়ে নিজের সন্তানের কথা বারবার মনে পড়ছিল বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি।





