কুমিল্লায় গৃহবধূকে জবাই করে ১০ টুকরো, গ্রেপ্তার ১

প্রকাশ:

কুমিল্লার দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন (৫০) নামে এক নারীকে নৃশংসভাবে জবাই করে হত্যার পর তার মরদেহ ১০ টুকরো করার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুর দক্ষিণপাড়া প্রজেক্ট এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত ফরিদা ইয়াসমিন ওই এলাকার ফতেহাবাদ গ্রামের মফিজ ভূঁইয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোট আলমপুর দক্ষিণপাড়া প্রজেক্ট এলাকায় মফিজ ভূঁইয়ার বাড়িতে ভাড়া থাকতেন লাইলী বেগম (৩৮) ও তার স্বামী আবুল কালাম। শুক্রবার রাতে কোনো এক সময়ে লাইলী বেগম ও তার স্বামীসহ পাঁচজন মিলে বাড়ির মালিকের স্ত্রী ফরিদা ইয়াসমিনকে জবাই করে হত্যা করেন। এরপর মরদেহ ১০ টুকরো করে পলিথিনে মুড়িয়ে বাড়ির পেছনের একটি গলিতে ফেলে রাখা হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর লাইলী বেগম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করে। পুলিশ জানায়, মোট ১০টি টুকরোর মধ্যে ৯টি পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গেলেও এখনো নিহতের মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

আটক লাইলী বেগম কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার চাপানগর গ্রামের আবুল কালামের স্ত্রী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাইলী বেগম জানিয়েছেন, হত্যাকাণ্ডে তার স্বামী আবুল কালাম ছাড়াও রবিউল, সোহেল ও ইমন নামে আরও তিনজন জড়িত ছিলেন। তবে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি পুলিশ তদন্ত করে যাচাই করছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের পর স্থানীয়রা এক নারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। গ্রেপ্তারকৃত লাইলী বেগমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং নিহতের মাথা উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন